অনিক ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ রাত ০৬:৫৬:৫৯
তেলবাহী গাড়ি ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ সরঞ্জাম উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিশেষ অভিযানে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের পুলিশি সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে ডাকাতি হওয়া একটি তেলবাহী গাড়ির তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট সার্কেলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন কাদের। সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় রোববার দুপুরে যৌথভাবে এ অভিযান চালানো হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। তবে ঘটনাস্থল থেকে ৫ আগস্ট পুলিশের কাছ থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মো. আজিজুল (পিতা: নুর মোহাম্মদ), সাং—হামছাদি গ্রামের বাসিন্দাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।