রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ রাত ০৯:৫২:১১
বগুড়ায় গভীর রাতে পুকুরে বিষ, ভেসে উঠল লাখ টাকার মাছ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় গভীর রাতে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দুই লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
শনিবার (১১ এপ্রিল) গভীর রাতে উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের জোকা-ঘাষিড়া গ্রামের ঘাষিড়া দাখিল মাদ্রাসা সংলগ্ন ইসমাইল হোসেন ও ফারুক হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘাষিড়া দাখিল মাদ্রাসার একটি পুকুর ‘ঘাষিড়া পুকুর পাড় যুব সমাজ’-এর উদ্যোগে ৩০ সদস্যবিশিষ্ট একটি কমিটির মাধ্যমে লিজ নিয়ে মাছ চাষ করা হচ্ছিল। কমিটির সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
চলতি মৌসুমে পুকুরে পাঙ্গাশ, ব্রিগেড, সিলভার, পোক্তা, রুই, কাতলা ও সরপুটিসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এতে প্রায় দুই লক্ষ টাকা ব্যয় হয়েছিল এবং অল্প কিছুদিনের মধ্যেই মাছগুলো বাজারজাত করার উপযোগী হয়ে উঠত।
কমিটির সদস্যরা জানান, তারা রাত ১টা পর্যন্ত পুকুরপাড়ে অবস্থান করেছিলেন। এরপর সবাই বাড়িতে চলে গেলে সেই সুযোগে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। ঘটনাস্থলের পাশের জমিতে একটি বিষের বোতল পড়ে থাকতে দেখা গেছে।
এদিকে, ভোরে মসজিদের মুয়াজ্জিন আব্দুল গফর আজান দেওয়ার জন্য যাওয়ার পথে পুকুরে মাছ ভেসে থাকতে দেখে স্থানীয়দের বিষয়টি জানান। পরে পুকুরের সদস্যরা এসে ঘটনা সম্পর্কে নিশ্চিত হন।
এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।