মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ রাত ১০:২২:৩৭
মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। রোববার (১২ এপ্রিল) বিকেলে শহরে এ কর্মসূচি পালিত হয়।
বিকেল ৫টার দিকে শহরের দেওয়ানী মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে এম সাইফুর রহমান রোড প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যজোটের জেলা সমন্বয়ক ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনের অল্প সময়ের মধ্যেই দাবি আদায়ে আবার রাজপথে নামতে হচ্ছে, যা দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে তুলে ধরে। তারা অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় পরিবর্তন না এসে বরং ভিন্নধারার শাসনের লক্ষণ দেখা যাচ্ছে।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহেদ আলী বলেন, দেশে গণতান্ত্রিক চর্চা ও ভোটাধিকারের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। তিনি জুলাই সনদের আইনি স্বীকৃতি ও তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি দূর করে স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে না।
সমাবেশ থেকে জুলাই সনদের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ।