রাকিবুল ইসলাম, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ রাত ০৬:১৯:৫১
লক্ষ্মীপুরে ছেলেসহ তিনজনকে কুপিয়ে অবসরপ্রাপ্ত পুলিশের আত্মহত্যা
লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিজের ছেলেসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করার পর ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (১৩ এপ্রিল) সকালে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত নাছির আহমদ (৫৫) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন এবং প্রায় এক বছর আগে অবসরে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ নাছির আহমদ তার ছেলে ইমরানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় ইমরান বাসা থেকে বের হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় নাছির আহমদ তাদের ওপরও হামলা চালান। এতে একই এলাকার গোলাম রহমানের ছেলে মিজানুর রহমান এবং আব্দুল মান্নানের ছেলে নাছির আহমদ গুরুতর আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একপর্যায়ে অভিযুক্ত নাছির আহমদ তিনতলা ভবনের ছাদে উঠে যান এবং সেখান থেকে নিচে ঝাঁপ দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর তার মৃত্যু হয়। এদিকে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।