ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৫ আগস্ট ২০২৬ রাত ১০:১৬:৫৫
মোংলায় বাংলাদেশ ট্রাস্ট ওয়ার্কার্স ফেডারেশনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করার দাবিতে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ ট্রাস্ট ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে মোংলা উপজেলার দিগরাজ বাজার এলাকায় অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন শিল্প-কারখানা, প্রতিষ্ঠান ও শ্রমজীবী মানুষের অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি ও অধিকার নিয়ে বক্তব্য দেন।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখনও অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চাকরির নিশ্চয়তা এবং সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত রয়েছেন। তারা শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, শ্রমিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করে তাদের জীবনমান উন্নয়নে সরকার, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিকভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের সংগঠিত হয়ে নিজেদের অধিকার আদায়ে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এফ এম আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম এবং মোংলা উপজেলা শাখার সভাপতি ফরিদ হাওলাদার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা ইপিজেডের কিউএসএল গার্মেন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা প্রতিনিধি মো. ইয়ামিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িরডাঙ্গা ইউনিয়নের শ্রমিক নেতা বাবুল হোসেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং শ্রমিকদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বিভিন্ন এলাকা থেকে আগত শ্রমিক, সংগঠনের নেতাকর্মী ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচির সমাপ্তি হয়।