আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৬ রাত ০৬:০০:৫৮
আড়াইহাজারে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত দুই সহোদর
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের হামলায় শাহ আলম ও জানে আলম নামে দুই সহোদর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার সদর পৌরসভার মুকুন্দী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শাহ আলম ও জানে আলম স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলী আজগরের ছেলে। গুরুতর আহত শাহ আলমকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে তার ছোট ভাই জানে আলম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন শাহ আলম জানান, রাত আনুমানিক ২টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের বাড়ির কেঁচি গেটের তালা কেটে এবং বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। একই সময় জানে আলমকেও মারধর ও নির্যাতন করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাতরা শাহ আলমের ঘর থেকে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ১৫ হাজার টাকা লুট করে নেয়। এছাড়া জানে আলমের ঘর থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৭০ হাজার টাকা নিয়ে যায়।
ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শাহ আলমকে ভর্তি করা হয় এবং জানে আলমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ-অঞ্চল) মেহেদী ইসলাম বলেন, এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।