হাবিব রহমান, জামালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬ রাত ০৬:৩২:৩৬
জামালগঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন
সোমবার সকালে জামালগঞ্জ মডেল ফারিয়ার আয়োজনে উপজেলা পরিষদ গেইটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা ফারিয়ার সভাপতি এমদাদুর রহমান হিরন।
মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আরিফুল ইসলাম-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা ফারিয়ার সিনিয়র সহ-সভাপতি মিজানূর রহমান, সাধারণ সম্পাদক রাম প্রশাদ রায়, সাংগঠনিক সম্পাদক মো. হুসেন আলী এবং সদস্য জহিরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, “আমরা দালাল নই, আমরা পেশাদার কর্মী। বৈজ্ঞানিকভাবে রোগ নিরাময়ে কোম্পানির ঔষধ সম্পর্কে চিকিৎসকদের তথ্য দিয়ে থাকি। দেশের ঔষধ শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ শিল্পে নিয়োজিত প্রায় তিন লক্ষাধিক দক্ষ ও শিক্ষিত প্রতিনিধি দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।”
বক্তারা আরও বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা নিশ্চিত ও নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।