মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি,
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৩:০০
শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, ভাই আশঙ্কাজনক
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার অপর ছেলে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আকল মিয়া (৮৮) একই এলাকার মৃত আসকর মিয়ার ছেলে। গুরুতর আহত হয়েছেন তার ছেলে শহিদুর মিয়া (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মশিক মিয়া তার হাতে থাকা ধারালো ডেগার দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করলে তার ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয়। এসময় বড় ভাই শহিদুর মিয়া এগিয়ে এলে তাকেও নাভীর বাম পাশে ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত মশিক মিয়া পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।