ওমর ফারুক সোহাগ, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ৬ মে ২০২৬ রাত ০৭:২৬:২৩
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কক্সবাজারের উখিয়া উপজেলা-এ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে ক্যাম্প ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও মানবিক করার নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি উখিয়ার আর্মি ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৪ পরিদর্শন করেন। এ সময় তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান মানবিক কার্যক্রম ঘুরে দেখেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় সূত্র জানায়, পরিদর্শনের শুরুতেই প্রতিমন্ত্রী বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) অর্থায়নে পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে ডিজিটাল ভাউচারের মাধ্যমে রোহিঙ্গাদের খাদ্য সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে অবগত হন এবং খাদ্য নিতে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
পরে তিনি এলপিজি বিতরণ কেন্দ্র, চিকিৎসা সেবা, শিক্ষা কার্যক্রম এবং নারীদের দক্ষতা উন্নয়নমূলক প্রকল্পগুলো পরিদর্শন করেন। তিনি ক্যাম্পে স্বাস্থ্যসেবা ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি নিয়েও খোঁজ নেন।
এরপর ক্যাম্প-৪ এর সিআইসি অফিসে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সেখানে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি ও প্রত্যাবাসন প্রসঙ্গে আলোচনা হয়। রোহিঙ্গা প্রতিনিধিরা নিজ দেশে ফিরে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি একটি আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা পরিচালিত হাসপাতাল এবং একটি শিক্ষাকেন্দ্রও ঘুরে দেখেন। পাশাপাশি নারী দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যবিধি সামগ্রী উৎপাদন কেন্দ্র পরিদর্শন করে নারীদের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, ক্যাম্প-৮ডব্লিউ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ে ক্যাম্প ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, কার্যকর ও মানবিক করার নির্দেশনা দেন। দুপুর আড়াইটার দিকে তিনি ক্যাম্প ত্যাগ করেন।