শামীম আহমেদ জয়, মতলব উত্তর উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ রাত ০৯:০৩:০১
পরকীয়ার জেরে মতলবে স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রী পলাতক
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পরকীয়ার জেরে স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত মো. রিপন (২৮) মতলব উত্তর উপজেলার লবাইরকান্দি গ্রামের এনামত উল্লাহর ছেলে। তিনি এক সন্তানের জনক; তার তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে। তার স্ত্রী খাদিজা মতলব দক্ষিণ উপজেলার নাগদা গ্রামের হান্নান ঢালীর মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (১১ এপ্রিল) বিকেলে রিপন তার শ্বশুরবাড়ি নাগদা গ্রামে গেলে পূর্বের পরকীয়া সংক্রান্ত বিষয় নিয়ে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় এবং তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।
নিহতের ভাই জাহাঙ্গীর আলম বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং দ্রুত অভিযুক্ত খাদিজাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।”
পরিবারের দাবি, ঘটনার পর থেকেই অভিযুক্ত খাদিজা ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় এবং আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।
এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।