বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৯:৩৪
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবে গুপ্ত ও নিষিদ্ধরা নানা অপতৎপরতায় লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বগুড়ার শিবগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মশাল মিছিল শেষে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ‘গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মীর শাহে আলম বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তবে দেশের জনগণ শেখ হাসিনাকে আর মেনে নেবে না।
বিএনপির রাজনৈতিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই হুমকি, ষড়যন্ত্র কিংবা ভয়ভীতি দেখিয়ে দলটিকে দমিয়ে রাখা যাবে না।
মীর শাহে আলম বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা এবং শান্তি-শৃঙ্খলা সমুন্নত রাখতে সরকার কাজ করছে। সন্ত্রাস, নৈরাজ্য কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে এই অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা বরদাশত করা হবে না।
তিনি বলেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে নিজেরাই হামলা করে বিএনপির ওপর দায় চাপানো হয়েছে। অথচ এ ঘটনায় গ্রেফতার হয়েছেন জামায়াতের একজন সংসদ সদস্যের জামাই। এসব ঘটনা থেকে ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
এর আগে শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে বের করা মশাল মিছিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। সমাবেশে বক্তারা ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এর আগে শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম নেতৃত্বে মশাল মিছিল বের করা হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। সমাবেশে বক্তারা ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।