মতিন সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ রাত ০৭:৪৩:২২
সলঙ্গায় দুই প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা
সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টাস্কফোর্সের যৌথ অভিযানে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন এবং দইয়ে যথাযথ মোড়ক ব্যবহার না করার অভিযোগে ‘এভার গ্রিন দই মিষ্টি ঘর’ ও ‘আলিম হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, একই অভিযোগে ‘এভার গ্রিন দই মিষ্টি ঘর’-এর মালিক কামরুল ইসলাম কাঞ্চনকে ১০ হাজার টাকা এবং ‘আলিম হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার’-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে রায়গঞ্জ উপজেলা প্রশাসন ও র্যাব-১২ এর সদস্যরা সহযোগিতা করেন।
সোহেল শেখ আরও বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদন এবং মোড়কবিহীন খাদ্য বিক্রি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। খাদ্যপণ্যের মান নিশ্চিতকরণ ও ন্যায্যমূল্য বজায় রাখতে ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে তিনি জানান।