রাজিব মাহমুদ, সাভার প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬ রাত ১০:২৬:১৩
সাভারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনায় সাভার পৌর ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সাভারে এ অনুষ্ঠানের আয়োজন করেন সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মত্যাগ স্মরণ করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও কাউন্সিল পদপ্রার্থী ইউনুস খান।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি ৬'শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন খোরশেদ আলম বলেন, স্বৈরাচারকে কোনোভাবেই সাভারের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি, তারা সাভারের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাব। আমাদের লক্ষ্য আগামীর সাভারকে একটি শান্তিপূর্ণ ও বসবাসের উপযোগী জনপদ হিসেবে গড়ে তোলা।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণা। তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।
আয়োজক তাজ খান নাঈম বলেন, আমরা ছাত্রদল জুলাই বিপ্লবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। কিন্তু আমরা কখনোই জুলাইকে বিক্রি করে রাজনীতি করি না। জুলাই আমাদের আত্মত্যাগ, আমাদের গর্ব এবং আমাদের দায়বদ্ধতার প্রতীক। তিনি বলেন, খুব কষ্ট লাগে, জুলাই বিপ্লবের দুই বছর পার হলেও যারা সেই সময় ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে পাখির মতো মানুষ হত্যা করেছে, তাদের অনেককেই এখনো গ্রেফতার করা হয়নি। বরং তাদের অনেকেই প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা, দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উপস্থিত সবাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।