চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৩:১০
চট্টগ্রাম মহানগরীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মহানগরীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকাল ৫টায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সংসদে সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ না নিলে রাজপথেই এর সমাধান হবে।” তিনি অভিযোগ করে বলেন, একই দিনে অনুষ্ঠিত দুটি নির্বাচনের ক্ষেত্রে বিএনপির ভিন্ন অবস্থান জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। গণভোটের রায় বাস্তবায়নে সরকার জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “৭০ শতাংশ জনগণের রায় বাস্তবায়নের লক্ষ্যে আমরা রাজপথে নেমেছি। সরকার যদি সংসদে এ বিষয়ে উদ্যোগ না নেয়, তাহলে আন্দোলন আরও বেগবান হবে।”
চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, বিএনপি জাতীয় নির্বাচনের আগে গণভোটের রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন তা অস্বীকার করছে। তিনি বলেন, “৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করে ৫১ শতাংশ ভোটের ভিত্তিতে গঠিত সরকারকে বৈধ বলা কঠিন।” তিনি বিএনপিকে গণবিরোধী কর্মকাণ্ড পরিহার করে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।
১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দরা বলেন, জনগণের রায় উপেক্ষা করে কেউ ফ্যাসিবাদী পথে হাঁটলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। তারা সরকারকে জনগণের মুখোমুখি হয়ে দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।
চট্টগ্রাম মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির মহানগর আমীর মাওলানা জিয়াউল হোসাইন, খেলাফত মজলিস নেতা মাওলানা শিহাব উদ্দিন, এনসিপির নগর যুগ্ম সমন্বয়ক আরিফ মঈনুদ্দিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতা আবু মোজাফফর মোহাম্মদ আনাস, খেলাফত আন্দোলনের মাওলানা আতিক বিন ওসমান, লিবারেল পার্টির গিয়াস উদ্দীন আলম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির এডভোকেট জোবায়ের মাহমুদ, লেবার পার্টির মুজিবুর রহমানসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।