মোঃ শাহপরান, কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬ রাত ০৮:৪৬:৪৩
কসবায় টাস্কফোর্স অভিযানে ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গোপীনাথপুর ইউনিয়নের জেঠুয়ামুড়া বাগানবাড়িতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়, কসবা থানা পুলিশ এবং চণ্ডীদ্বার বিওপির বিজিবি সদস্যরা অংশ নেন।
অভিযানকালে ফিরোজ মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকারের ১২ বোতল ভারতীয় মদ ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থলে পূর্বে গাঁজা সংরক্ষণের আলামতও পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এছাড়াও একই কক্ষের একটি চালের ড্রাম থেকে ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকা জব্দ করে সিজার তালিকাভুক্ত করা হয়েছে এবং তা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া বাদী হয়ে কসবা থানায় ফিরোজ মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে।
অভিযানটি পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে কসবা উপজেলা টাস্কফোর্সের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।