নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫৭:৪৪
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার অপরাজয়-৭১ এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান বিজিবি সদস্যরা।
বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ মিয়া জানান, ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই বিজিবির মূল লক্ষ্য। এ জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হবে।
নির্বাচনে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক ও প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।