কেরানীগঞ্জ প্রতিনিধি (ঢাকা)
প্রকাশ : ১১ মে ২০২৬ রাত ০৮:৫৬:২৫
কেরানীগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দোকানদারকে বেধড়ক মারধর
ঢাকার কেরানীগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পারভেজ (৪৫) নামের এক দোকানদারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১১ মে) দুপুর দেড়টার দিকে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের খোলামোড়া শাহজালাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত পারভেজ ওই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন দোকানদার।
অভিযোগ অনুযায়ী, স্থানীয় মাদক কারবারি গনী (৪২), নয়ন (৩৫), হৃদয় (৩৮) ও আবু তালেব (৫০)সহ আরও একজন দোকানের সামনে ইয়াবা ও গাঁজা বিক্রি করছিল। এতে পারভেজ বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে রড ও সাবল দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার মাথায় সেলাই দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
আহতের মা পারুল বেগম বলেন, তার ছেলে একজন সাধারণ দোকানদার। দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি চলছিল। দোকানের সামনে মাদক বিক্রি বন্ধ করতে বলায় পরিকল্পিতভাবে তার ছেলেকে মারধর করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।