রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ রাত ০৯:০৭:৫৭
বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা
বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত যাত্রীরা নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সি-ব্লক এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম ট্রাভেল’ নামের একটি বাস চলন্ত অবস্থায় হঠাৎ আগুনে দাউদাউ করে জ্বলে ওঠে। এ সময় বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।
খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা নিরাপদে নেমে যান। এতে কেউ হতাহত হননি। তবে বাসটির একটি অংশ পুড়ে গেছে। বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পে-অফ:
ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটে, তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।