আব্দুল জব্বার, নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ৯ জুন ২০২৬ রাত ১০:১২:২৪
এক ব্যানারে শেখ মুজিব, জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি; নেট দুনিয়ায় আলোচনা-সমালোচনার ঝড়
দেখতে সাধারণ একটি নির্বাচনী ব্যানার। তবে একটু ভালো করে তাকালেই বিস্মিত হচ্ছেন অনেকেই। ব্যানারের এক পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, অন্য পাশে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি এবং আরেক পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি স্থান পেয়েছে। মাঝখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রচারণা চালিয়েছেন রনি মাঝি নামের এক যুবক।
ব্যানারটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কেউ বিস্ময় প্রকাশ করছেন, আবার কেউ হাস্যরসাত্মক মন্তব্য করে বিষয়টিকে ট্রলের উপকরণ বানিয়েছেন।
জানা গেছে, রনি মাঝি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাসিন্দা। তিনি বর্তমানে ঘড়িষার বাজারের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন। সম্প্রতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রচারণার অংশ হিসেবে ব্যানার ও ফেস্টুন তৈরি করেন তিনি। তবে ভিন্ন রাজনৈতিক ধারার নেতাদের ছবি একই ব্যানারে ব্যবহার করায় বিষয়টি দ্রুত মানুষের নজরে আসে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ব্যানারটির ছবি শেয়ার করে বিভিন্ন মন্তব্য করছেন। একজন লিখেছেন, “যখন দুই ভিন্ন রাজনৈতিক ধারার নেতাদের ছবি একসঙ্গে দেওয়া হয়েছে, তখন সব দলের নেতাদের ছবিই দেওয়া যেত।” আবার কেউ ব্যানারটিকে ‘সর্বদলীয় নির্বাচনী প্রচারণা’ বলেও অভিহিত করেছেন।
রাজনৈতিক সচেতন মহলের কেউ কেউ বিষয়টিকে ব্যতিক্রমী প্রচারণা কৌশল হিসেবে দেখলেও অধিকাংশ নেটিজেন এটিকে হাস্যরসের চোখে দেখছেন। তাদের মতে, আলোচনায় আসার উদ্দেশ্যেই এমন ব্যতিক্রমী ব্যানার ব্যবহার করা হয়ে থাকতে পারে।
এদিকে ব্যানারটি নিয়ে আলোচনা যত বাড়ছে, ততই সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়ছে মন্তব্য, ট্রল ও নানা প্রতিক্রিয়া। ফলে স্থানীয় পর্যায়ের একটি নির্বাচনী প্রচারণা এখন নেট দুনিয়ার আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।