আলকামা সিকদার, মধুপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ রাত ০৭:৫০:৪১
মধুপুরে নিখোঁজের একদিন পর ভুট্টাখেতে মিলল শিশুর লাশ
টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর ভুট্টাখেত থেকে ৫ বছর বয়সী এক শিশু কন্যার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটির নাম ফাতেমা আক্তার (৫)। সে উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকি লেংড়া বাজার এলাকার আবু সামার মেয়ে। আবু সামা পেশায় একজন টেইলার্স ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল শনিবার সকাল থেকে ফাতেমা আক্তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সারাদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজের বিষয়টি প্রচার করা হয়।
নিখোঁজের একদিন পর রোববার পাশ্ববর্তী একটি ভুট্টাখেত থেকে শিশুটির লাশ উদ্ধার করেন পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শিশুটির গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে প্রতিবেশী এক মাদকাসক্ত চাচাতো ভাই এ ঘটনা ঘটাতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চলছে।
মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।