হীরা আহমেদ জাকির, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬ রাত ১০:৪৯:৫০
ভারতীয় পশু পাচার ঠেকাতে সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারি
ব্রাহ্মণবাড়িয়া জেলার সঙ্গে ভারতের প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। জেলার বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলার ওপর দিয়ে এই সীমান্ত বিস্তৃত। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদ সামনে রেখে সীমান্ত দিয়ে ভারতীয় পশু প্রবেশের চেষ্টা বাড়তে পারে—এমন আশঙ্কায় আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, এবার ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর চাহিদা প্রায় ১ লাখ ৭০ হাজার। এর বিপরীতে জেলায় প্রস্তুত রয়েছে প্রায় ১ লাখ ৩৩ হাজার কোরবানিযোগ্য পশু। স্থানীয় খামারি ও ব্যবসায়ীদের দাবি, জেলার চাহিদা পূরণে দেশীয় পশুই যথেষ্ট। ফলে ভারতীয় পশু অবৈধভাবে বাজারে প্রবেশ করলে স্থানীয় খামারিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ করলে দেশীয় পশুর দাম কমে যায়। এতে লোকসানের শঙ্কায় পড়েন খামারি ও ব্যবসায়ীরা।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, “২৫ বিজিবির দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, সীমান্ত পথে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পশু পাচার ঠেকাতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।