রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:৪১:৪১
রাষ্ট্রপতি নির্বাচন দলীয় সিদ্ধান্তে হবে: বগুড়ায় মির্জা ফখরুল
আগামী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে দলীয়ভাবে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "রাষ্ট্রপতি পদে কে মনোনয়ন পাবেন, তা দলীয় ফোরামে আলোচনা করে যথাসময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
এ সময় তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, গত ১৭ বছর ধরে কাগজে-কলমে উন্নয়নের নামে অর্থ লোপাট করা হয়েছে, কিন্তু বাস্তবে জনগণের কল্যাণে তেমন কোনো কাজ হয়নি।
আরডিএর কর্মকর্তা ও গবেষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করতে গবেষণায় অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হবে। পাশাপাশি গবেষণায় উদ্ভাবিত প্রযুক্তি ও নতুন কৃষি পদ্ধতি যেন দ্রুত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন তিনি।
সম্মেলনে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, সংসদ সদস্য মোশারফ হোসেনসহ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরী।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া আয়োজিত ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী পর্বে দেশের গ্রামীণ উন্নয়ন, টেকসই পরিকল্পনা প্রণয়ন এবং নীতি বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে একাডেমির কর্মকর্তা, গবেষক ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।