ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৮:০৯
ভালুকায় বাকীতে চুল কেটে না দেওয়ায় সেলুন ব্যবসায়ী খুন
ময়মনসিংহের ভালুকায় রবীন্দ্র ঋষি (৪০) নামের এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ হবিরবাড়ী এলাকার এনপলি কারখানার সামনে একটি লিচুবাগান থেকে তাকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশে দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মোড় এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেটে রবীন্দ্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, নেশার টাকা না দেওয়া এবং চুল কেটে টাকা না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্রের সেলুনে ঢুকে তাকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবীন্দ্র দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। সেখানেও তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে বাড়ির উঠানে তাকে ফেলে আবারও ছুরিকাঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রবীন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়ার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকায় কাশেম মিয়ার বাসায় ভাড়া থাকতেন এবং সেখানে সেলুনের ব্যবসা করতেন। গ্রেপ্তার সাদ্দাম হোসেন একই এলাকার বাবুল মিয়ার ছেলে।