পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৪:৩৩
পীরগাছায় নৃশংস হত্যাকাণ্ড: রোকেয়া বেগমকে কুপিয়ে হত্যা, আটক ২
রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা গ্রামে রোকেয়া বেগম নামে এক নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতোমধ্যে দুইজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে প্রভাবশালী একটি পক্ষ দেশীয় অস্ত্র দিয়ে রোকেয়া বেগমের ওপর হামলা চালায়। হামলাকারীরা তার হাত-পায়ের রগ কেটে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তার ভাই ও ভাতিজা পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি সেবা দিতে গিয়ে অ্যাম্বুলেন্স সংক্রান্ত জটিলতা দেখা দিলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মুহিব্বুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ছাওলা গ্রামের আমান পাড়ার বাসিন্দারা এ হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়দের প্রশ্ন, একজন অসহায় নারী কি ন্যায়বিচার পাবেন?
পুলিশ জানায়, ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।