শামীম আহমেদ জয়, মতলব উত্তর প্রতিনিধি:
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬ রাত ১০:৪৪:৩৯
মতলব উত্তরে মা-মেয়েদের ওপর হামলা, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিণা গ্রামে এক বিধবা নারী ও তার দুই মেয়ের ওপর হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে মৃত জাহাঙ্গীর প্রধানের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তুচ্ছ বিষয় নিয়ে প্রতিবেশী মো. মফিজুল (৫০), কাজল আক্তার (৪৫) ও কুলসুমের নেছার (৭০) সঙ্গে ভুক্তভোগী পরিবারের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে বাড়ির আঙিনায় মাটি কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে তাহমিনা সুলতানার বসতঘরে ঢুকে পড়ে।
এসময় তারা তাহমিনাকে এলোপাতাড়ি মারধর করলে তার দুই মেয়ে প্রিয়া (১৮) ও মুন্নি (১৬) তাকে রক্ষা করতে এগিয়ে আসেন। হামলাকারীরা তখন তাদের ওপরও চড়াও হয়ে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
মারধরের একপর্যায়ে হামলাকারীরা তাহমিনার কান থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ৪ আনা ওজনের স্বর্ণের দুল এবং তার মেয়ের গলা থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ভুক্তভোগীদের দাবি, মোট প্রায় ১ লাখ ২০ হাজার টাকার স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, “ঘটনার বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”