মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া, রংপুর প্রতিনিধি:
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৯:৩২
অটোরিকশা চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা, ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলা
রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
রবিবার (২৫ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা রেজাউল (৫০) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার সিদ্দিকুর রহমান সোহেলের বাড়ি থেকে অটোরিকশা চুরি করে পালানোর অভিযোগে তাঁদের ধাওয়া করা হয়। পরে অটোরিকশা ফেলে ধানক্ষেতে পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। সোহেল ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতিন মিয়ার ছেলে।
এ ঘটনায় রবিবার বিকেলে গঙ্গাচড়া মডেল থানায় গ্রাম পুলিশ লেবু মিয়া বাদী হয়ে ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর।