আহমেদ স্বপন, মেহেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:২৮:২৮
মেহেরপুরের ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলেছেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
সম্প্রতি পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কর্তৃক একটি অনুষ্ঠানে তাকে ধাক্কা দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ প্রসঙ্গে মাসুদ অরুণ তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে বলেন, “শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে তিনি আমার সঙ্গে করমর্দন করেন এবং কুশলাদি বিনিময় করেন। অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ের একটি ভিডিও কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধারণ করে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”
উল্লেখ্য, গত ১১ এপ্রিল বিকেলে মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধনে যোগ দেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সেখানেই মাসুদ অরুণকে ধাক্কা দেওয়ার একটি ভিডিও ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন মাসুদ অরুণ। তিনি ১ লাখ ৪ হাজার ৭৮৭ ভোট পেলেও জামায়াতের প্রার্থী তাজউদ্দিন খানের কাছে পরাজিত হন। তাজউদ্দিন খান ১ লাখ ২১ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।