এম. এ. মালেক, হালুয়াঘাট (ময়মনসিংহ)
প্রকাশ : ৪ আগস্ট ২০২৬ রাত ০৯:২০:৩২
হালুয়াঘাটে অতিবৃষ্টিতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ
টানা অতিবৃষ্টি ও তীব্র জলাবদ্ধতার কারণে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে গত দুই দিন ধরে পাঠদান কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। আকস্মিক এই জলাবদ্ধতার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, হালুয়াঘাট পৌরশহরের বালিকা উচ্চ বিদ্যালয় ও হালুয়াঘাট মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় বিদ্যালয় দুটির খেলার মাঠ এবং আশপাশের যাতায়াতের রাস্তাঘাট সম্পূর্ণভাবে তলিয়ে গেছে।
পরিস্থিতি এতটাই অবনতি ঘটেছে যে, শ্রেণিকক্ষের ভেতর পর্যন্ত পানি প্রবেশ করেছে। এর ফলে শ্রেণিকক্ষে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা উপকরণ ও আসবাবপত্র নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের যাতায়াতের উপযোগী পরিবেশ না থাকায় বাধ্য হয়ে কর্তৃপক্ষ পাঠদান কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।
হালুয়াঘাট মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরে আলম জুয়েল জানান, "গত দুই দিন আগে মাত্র তিনজন শিক্ষার্থী স্কুলে উপস্থিত হয়েছিল। এর মধ্যে একজন শিক্ষার্থী পানিতে পড়ে যাওয়ায় শিশুদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা বাধ্য হয়েই পাঠদান কার্যক্রম স্থগিত করেছি।"
বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আয়েশা আক্তার জানান, জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পৌরসভার প্রশাসক জাকিয়া সুলতানা রোজি বিদ্যালয় প্রাঙ্গণ পরিদর্শন করেছেন। এ সময় শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী স্কুল এবং যাতায়াতের রাস্তার জলাবদ্ধতা নিরসনে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বিদ্যালয় দুটির চারপাশের নিচু এলাকায় পানি জমে থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় অভিভাবকেরা। তাই দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং স্থায়ী সমাধানের মাধ্যমে বিদ্যালয়গুলো সচল করার জোর দাবি জানিয়েছেন তাঁরা।