রাজিব মাহমুদ (সাভার প্রতিনিধি)
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৩:৩৩
ফ্যাসিস্টদের সাথে সম্পর্ক রাখলে বিএনপিতে জায়গা হবে না: আমানউল্লাহ আমান
বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিষ্টদের সঙ্গে সম্পর্ক রাখলে দলে রাখা হবে না—এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।
রোববার বিকেলে সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় থেকে হরিণধরা সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অমানউল্লাহ আমান বলেন, ফ্যাসিষ্টরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
ফ্যাসিষ্টদের দেখা গেলে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেও রাতভর এলাকায় টহল দেবেন। পাশাপাশি নেতাকর্মীদেরও টহল দেওয়ার আহ্বান জানান।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েলসহ স্থানীয় নেতাকর্মীরা।