মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৩:১৪
গোপালগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
গোপালগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অর্ণব ধর (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ মৌসুমে জেলায় ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। শুক্রবার গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অর্ণবের মৃত্যু হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক। নিহত অর্ণব ধর কোটালীপাড়া উপজেলার বাসিন্দা এবং আশীষ ধরের ছেলে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে অর্ণবকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে যান।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে নতুন করে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ১০১ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজারের বেশি রোগী।
বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।