মো. আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৬ মে ২০২৬ বিকাল ০৫:৫৯:০৯
কৃষির উন্নয়নে আধুনিক যন্ত্রপাতির বিকল্প নেই : এমপি মান্নান
দেশের কৃষিকে প্রযুক্তিনির্ভর ও উৎপাদনমুখী করতে আধুনিক যন্ত্রপাতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
বুধবার (৬ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ১৯টি ক্ষুদ্র সেচ যন্ত্র ও ৮টি ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কৃষি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকের জীবনমান উন্নত হবে।
এমপি মান্নান আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কৃষিতে যে অগ্রযাত্রার সূচনা হয়েছিল, তা বর্তমান সময়ে আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষি উন্নয়নে খাল খনন, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।”
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী সুমন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বিতরণকৃত এসব যন্ত্র ইউনিয়ন পর্যায়ে কৃষকদের ব্যবহারের জন্য সরবরাহ করা হবে। এর ফলে মাঠপর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং কৃষি ব্যবস্থাপনায় গতি আসবে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।