সুমন মিয়া, বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৭:০৫
বন্দরে মায়ের ওপর অভিমান করে কিশোরীর আত্মহত্যা
নারায়ণগঞ্জের বন্দরে মায়ের বকাঝকা সহ্য করতে না পেরে মার্জিয়া (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) ভোররাতে উপজেলার নাসিক ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ কদম রসুল মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মার্জিয়া শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চন্ডিপুর খাঁ বাড়ি এলাকার মো. সাত্তারের মেয়ে। তারা বর্তমানে কদম রসুল মাজার সংলগ্ন আলমগীরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পড়ালেখায় অবহেলার কারণে মা জাহানারা বেগম মার্জিয়াকে বকাঝকা করেন। এতে অভিমান ও মানসিক কষ্টে শুক্রবার রাত ৩টা থেকে সকাল ৭টার মধ্যে যেকোনো সময় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।