মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১৫:৫০
পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার
নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক জানান, রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি দল উপজেলার নজিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি একটি ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যান ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে ভ্যানটি তল্লাশি করা হয়।
তল্লাশির সময় ভ্যানের ভেতরে থাকা পাঁচটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে ১০টি পলিথিন ব্যাগে রাখা মোট ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। প্রতিটি ব্যাগে ১০ লিটার করে মদ ছিল বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।