মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬ রাত ১০:৩৩:২৯
গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়ার জেরে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের উত্তর পাড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক ও বর্তমান ইউপি সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১৩ জন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১০ মে) সন্ধ্যায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খানের মুদি দোকান থেকে প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরে বাকিতে মালামাল ক্রয় করে আসছিলেন। প্রায় ৯ মাস আগে পাওনা টাকা পরিশোধের জন্য তাগিদ দিলে প্রতিপক্ষের লোকজন তাকে বিভিন্নভাবে হুমকি দেয়। ওই ঘটনায় আগে থানায় একটি মামলাও দায়ের করা হয়েছিল।
আহত ইউপি সদস্য ছাব্বির হোসেন অভিযোগ করেন, পূর্বের বিরোধের জের ধরে রোববার সন্ধ্যায় গামা, রুবেল, মোফাজ্জেল ও কামরুলসহ ২০-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে তার বাবার ওপর হামলা চালায়। পরে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খান (৬০), বর্তমান ইউপি সদস্য মেহেদী খান (৩৫), সাবেক নারী ইউপি সদস্য হাসিনা বেগম (৫৫), সোহাগ খান (৩০), খলিল খান (৩৩), ইসা খান (২৬) ও সবজি খান (৩০)-কে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় প্রতিপক্ষের আরও ৬ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত ১৩ জনেরই আঘাত গুরুতর। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে প্রতিপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় নতুন কোনো মামলা দায়ের হয়নি।