শামীম আহমেদ জয়, মতলব উত্তর উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ রাত ০৯:২৮:২৩
মতলবে রাতে বিষ প্রয়োগে ধানক্ষেত নষ্ট, কেটে ফেলা হলো কলাগাছ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকায় পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে আগাছানাশক প্রয়োগ করে এক কৃষকের ধানক্ষেত নষ্ট এবং কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রবিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আব্দুল মান্নান লস্কর (৫৮) ওই গ্রামের বাসিন্দা এবং ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গভীর রাতে দুর্বৃত্তরা মান্নান লস্করের প্রায় ৭৫ শতাংশ জমির ধানক্ষেতে আগাছানাশক ঔষধ ছিটিয়ে দেয়। এতে ধানগাছ পুড়ে নষ্ট হয়ে যায়। একই সঙ্গে পাশের ২৫ শতাংশ জমিতে থাকা প্রায় ১২০টি কলাগাছ কেটে ফেলে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্তের ছোট ভাই ও ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. হান্নান লস্কর বলেন, “আমার ভাই জমিটি অন্যের কাছে পোষানি দিয়েছিলেন। ধান ও কলা—দুই ধরনের ফসলই পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
লিখিত অভিযোগে মান্নান লস্কর উল্লেখ করেন, বিবাদীদের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরে তারা তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। গত ৫ এপ্রিল ছেংগারচর বাজারে তাকে মারধরের চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে প্রকাশ্যে প্রাণনাশসহ ফসল ও সম্পদ ধ্বংসের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি। অভিযোগে আহাম্মদ আলী ছৈয়াল (৫৫) ও তার ছেলে সাইফুল ইসলাম ছৈয়াল (২৫)-সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।