মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার:
প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৮:২১
শ্রীমঙ্গলে অবৈধ মজুতের অভিযোগে ৮,৫০০ লিটার ভোজ্য তেল উদ্ধার, জরিমানা ৩০ হাজার টাকা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ভোজ্য তেল অবৈধভাবে মজুতের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ তেল উদ্ধার এবং এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) শহরের সেন্ট্রাল রোড এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় ৮ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল মজুতের প্রমাণ পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকনের নেতৃত্বে পরিচালিত অভিযানে র্যাব-৯ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে একটি ব্যবসা প্রতিষ্ঠানে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভোজ্য তেল জব্দ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন ঘটনাস্থলে উপস্থিত থেকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। অভিযানে অংশ নেওয়া র্যাব-৯ ও সেনাবাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করেন।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে সাধারণ জনগণকে অপ্রয়োজনীয় মজুত না করে স্বাভাবিকভাবে বাজার থেকে পণ্য ক্রয়ের আহ্বান জানানো হয়েছে।