নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৭:৪০
নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে এসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে ২৩ বছর পর গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি ননী (৪২) উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের বাসিন্দা এবং প্রমানন্দের ছেলে।
মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে নাজিরপুর থানার সাব-ইন্সপেক্টর সাজেদুল কায়েসের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিজ গ্রাম নৈলতলা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০০৩ সালে দায়ের করা একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকেই ননী পলাতক ছিলেন। ওই মামলায় এসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনের আওতায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।