নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১১:২৪
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
বগুড়ায় অসুস্থ স্বজনকে হাসপাতালে নেয়ার পথে এবং মৃতদেহ নিয়ে ফেরার সময় দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন মারা গেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সোয়া চারটার দিকে ঠেঙ্গামারা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে এবং সকাল ১০ টার দিকে শাজাহানপুর উপজেলার রানীরহাট স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের রামপুর গ্রামের মজনু মেম্বারের ছেলে সাপিকুল (৪০), জাহাঙ্গীর আলমের ছেলে আরাফাত (৪০) এবং কাহালুর বানদিঘী এলাকার খাদিজা (৫১)।
নিহতদের মধ্যে সাপিকুল ও আরাফাত রোগিকে হাসপাতালে নেয়ার পথে বাসচাপায় নিহত হন। আহতরা হলেন একই এলাকার আশরাফুল, রফিকুল ও নজরুল। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পাইকড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ জানিয়েছেন, গতকাল দিবাগত রাতে আশরাফুল স্ট্রোক করেন। তাৎক্ষনিকভাবে তার ভাই নজরুল, ও ভাতিজা আরাফাত, প্রতিবেশি রফিকুল ও সাপিকুল একটি সিএনজিতে করে টিএমএসএস হাসপাতালে ভর্তির জন্য রওয়ানা দেন। পথে হাসপাতালে গেটে ঢুকবে এমন সময় একটি নাইটকোচ বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে সেখানেই সাপিুকল ও আরাফাত মারা যায়। পরে সাপিকুলের স্বজনেরা গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
ইউপি সদস্য বাছেদ বলেছেন, হতাহতরা আমার স্বজন ও প্রতিবেশি। আহত তিনজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এর মধ্যে আশরাফুলকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) রাখা আছে। তার অবস্থা ভালো না।
এ ছাড়া শাজাহানপুর থানা পুলিশ জানিয়েছে, খাদিজা তার এক স্বজনের লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে কাহালুর দিকে যাচ্ছিলেন। এই সময় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রানীর হাট এলাকায় একটি ব্রিজের রেলিং এর সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। এই তথ্য নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ওসি আশিক ইকবাল।
দুর্ঘটনার বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ওসি রইস উদ্দিন বলেছেন, দুর্ঘটনার পরপর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার কারণে আমরা নাম-ঠিকানা নিশ্চিত হতে পারছিলাম না। পরে আমরা দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। এ ছাড়া রানীরহাটে এক নারী মারা গেছেন। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।