শান্ত মাহমুদ
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৩:৪৬
উত্তরা লিবার্টি ক্লাবে মদের পাহাড়, র্যাবের অভিযানে গ্রেপ্তার ২
রাজধানীর উত্তরা লিবার্টি ক্লাবে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক মদ-বিয়ারসহ সহকারি ম্যানেজার ও কম্পিউটার অপারেটরকে গ্রেপ্তার করেছে র্যাব-১। এ সময় প্রায় ১৭ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা মূল্যের দেশি-বিদেশি মদ ও ক্যান বিয়ার জব্দ করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের আজিজ স্কয়ারে অবস্থিত উত্তরা লিবার্টি ক্লাবের পঞ্চম তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ক্লাবের সহকারী ম্যানেজার মো. রাসেল (২৮) ও কম্পিউটার অপারেটর মো. নয়ন মিয়া (৩৮)।
র্যাবের তথ্যমতে, অভিযানে ক্লাবের পঞ্চম তলার একটি কক্ষ থেকে মোট ৭৭৯টি বিদেশি বিয়ার ক্যান এবং দেশি-বিদেশি মদের বোতল জব্দ করা হয়। এসব মাদকদ্রব্যের পরিমাণ ৪৭০ দশমিক ৮৬ লিটার এবং আনুমানিক মূল্য ১৭ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা। অভিযানের সময় ক্লাবের সভাপতি, কর্মচারীসহ আরও কিছু ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তার দুইজন ও জব্দ করা মালামাল উত্তরা পশ্চিম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তারা।