সীমা প্রধান
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৩:০৬
রাজধানীর তুরাগে ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ৩৭৫ পিস ইয়াবাসহ তুহিন মাহমুদ (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে ভোর ৫টা ৩০ মিনিটে তুরাগ থানার এসআই (নিঃ) মো. রওশন জামান ও এসআই (নিঃ) শেখ মসিউল ইসলাম সংগীীয় ফোর্সসহ বাউনিয়া বটতলা এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদ পান। সংবাদে জানা যায়, তুরাগ থানাধীন খানটেক প্রিয়াংকা রানওয়ে সিটির রোড নম্বর-১০ এর একটি ফ্ল্যাটে এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা নিয়ে অবস্থান করছেন।
উক্ত তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে একই দিন ভোর ৫টা ৪৫ মিনিটে ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় আসামি তুহিন মাহমুদকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার ফ্ল্যাটের মাস্টার বেডরুমের ওয়ার্ডরোব তল্লাশি করা হলে, আসামির নিজ হাতে বের করে দেওয়া দুটি নীল রঙের জিপার ব্যাগ থেকে হালকা গোলাপি রঙের ৩১৫ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে সকাল ৬টার দিকে জব্দতালিকা প্রস্তুতের মাধ্যমে মাদকদ্রব্যগুলো আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, ধৃত আসামি তুহিন মাহমুদ দীর্ঘদিন ধরে তুরাগ থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এফআইআর মূলে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া আসামির সিডিএমএস যাচাই করে তার বিরুদ্ধে পূর্বে আরও একটি মামলার তথ্য পাওয়া গেছে।