সোহেল আমিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ সকাল ১০:৫৪:৪০
ধামরাইয়ে ১৭০ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৫১ হাজার টাকা।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. লিয়াকত খানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে শাওন ওরফে জয় (৩২) এবং একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে জাকির (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাড়ারিয়া ইউনিয়নের গাজীপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শাওন ও জাকিরকে তল্লাশি করে তাঁদের হেফাজত থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধামরাই থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।