সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে আসামিরা
চ্যানেল এস-এর প্রয়াত সাংবাদিক তরিক শিবলীর গ্রামের বাড়িতে
পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
গত ৭ মার্চ দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর গ্রামে
এ ঘটনা ঘটে। এ বিষয়ে ৮ মার্চ বুড়িচং থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত
কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ মার্চ দুপুর আনুমানিক
৩টার সময় স্থানীয় বাসিন্দা মো. বাইজিদ (২৭), মোসাঃ ঝর্ণা বেগম (৪০) ও মো. ফারুকের
(২৬) নেতৃত্বে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিক
তরিক শিবলীর পৈত্রিক বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা নির্মাণাধীন সীমানা প্রাচীর
ভেঙে গুঁড়িয়ে দেয় এবং বাড়িতে থাকা মিস্ত্রি ও পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। বাধা
দিতে গেলে সন্ত্রাসীরা বাড়ির মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়।এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ইতিপূর্বে গত ২১ ফেব্রুয়ারি
এই চক্রটি বাড়ি থেকে ১.৫ টন রড, ৪টি বড় কড়ই গাছ এবং ৮০ বস্তা সিমেন্টসহ প্রায় ৩ লক্ষ
টাকার নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যায়। সর্বশেষ হামলার ঘটনায় তারা আরও প্রায় ৪০ হাজার
টাকার ক্ষয়ক্ষতিসহ তাণ্ডব চালায়।এ ঘটনায় প্রয়াত সাংবাদিকের ফুফু ফাহমিদা আক্তার বাদী হয়ে
বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে মামলা দায়েরের তিন দিন পেরিয়ে গেলেও প্রধান
অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের কোনো দৃশ্যমান তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
তাদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসামিরা এলাকায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে এবং মামলা
তুলে নিতে পরিবারটিকে ক্রমাগত হুমকি দিচ্ছে। পুলিশের এই রহস্যজনক 'টালবাহানা' ও নিষ্ক্রিয়তায়
চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তরিক শিবলীর স্বজনরা।এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান
বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। বর্তমানে বিষয়টি গুরুত্বের সাথে দেখছে থানা পুলিশ।
মামলার পর থেকে আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক থাকলেও দ্রুতই
অপরাধীদের আইনের আওতায় আনা হবে।সাহসী সাংবাদিক তরিক শিবলীর মৃত্যুর পর তাঁর পৈত্রিক ভিটা
দখলের অপচেষ্টা ও পরিবারের ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় সাংবাদিক সমাজ ও স্থানীয়
সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার
করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।উল্লেখ্য যে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সেই ঐতিহাসিক দিনটি আজও সাংবাদিক মহলে এক শোকাতুর স্মৃতি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন চ্যানেল এস-এর তৎকালীন সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলী। সেদিন সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে তিনি একাধারে ভোটার উপস্থিতি ও ভোটের পরিবেশ নিয়ে একাধিকবার সরাসরি (লাইভ) সম্প্রচারে যুক্ত ছিলেন। মাইক্রোফোন হাতে দায়িত্ব পালনরত অবস্থায় ভর দুপুরে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পেশাগত মাঠেই একজন সাংবাদিকের এমন অকাল প্রয়াণ সাংবাদিকতার ইতিহাসে এক বিরল ও হৃদয়বিদারক ঘটনা।
তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন তৎকালীন মহামান্য প্রধান উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছিল সেই সাহসী কলম সৈনিকের প্রয়াণে। অথচ আজ সেই সাংবাদিকেরই পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা করছে একদল ভূমিদস্যু ও সন্ত্রাসী।
১০ মার্চ ২০২৬ দুপুর ০১:২৯:২০
আমরা প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি: স্থানীয় সরকার মন্ত্রী
আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। আমরা আমাদের
কথা রেখেছি। -এমন কথা বলেছেন সরকারের স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
ইসলাম আলমগীর।তিনি বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম সরকারে
এলে ফ্যামিলি কার্ড চালু করা হবে। ১০ মার্চ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর
ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদরাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান
অতিথির বক্তব্য এ সব কথা বলেন তিনি। এ সময় ফ্যামিলি কার্ড নিয়ে দেওয়া প্রতিশ্রুতি নিয়ে বলতে
গিয়ে মির্জা ফখরুল বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা কাজ শুরু করেছি। এই কার্ড সবাই পাবেন,
প্রত্যেক ঘরে ঘরে যাবে। শুধু সময়ের ব্যাপার। ফ্যামিলি কার্ড একটা শক্তি বা ক্ষমতা।
যেটা নিয়ে আপনি সব জায়তায় দাঁড়াতে পারবেন। এই কার্ডের মাধ্যমে একটা ক্ষমতা তৈরি হবে
আপনাদের। পুরুষেরা আপনাদের গুরুত্ব দেওয়া শুরু করবে। সবার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি আমাদের এই এলাকা বেছে নিয়েছেন। সরকারে আসার ২২ দিনের মধ্যে কার্ড দিয়েছি জানিয়ে তিনি
বলেন, ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করা হয়েছে। ১৬ তারিখে খাল-খনন শুরু হবে। বর্ষার সময়
যে পানি হয় সেটা সংরক্ষণ করে খরায় কাজে লাগানো হবে। প্রত্যেকটা কৃষককে কৃষি কার্ড দেওয়া
হবে। তা দিয়ে ন্যায্যমূল্যে সার, সেচ ও বীজ কিনতে পারবেন। বিএনপি মহাসচিব বলেন, ১৫ বছর এদেশে আইনকানুন ছিল না। আমাদের
নানাভাবে নির্যাতন করা হয়েছে। টাকা ছাড়া কার্ড পাওয়া যেত না। এবারে কোনো টাকা-পয়সা
লাগেনি। হতাশ হবেন না, সবাইকে কার্ড দেওয়া হবে। নারী ডিসি, এসপিরাও কার্ড পাবেন। তিনি
কি কাজে ব্যবহার করবেন সেটা পরের বিষয়। জনগণের শক্তির কাছে কোনো শক্তিই বড় নয়। তিনি আরও বলেন, নির্বাচনের আগে বলেছিলাম এটা আমার শেষ
নির্বাচন। আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারব না। তবে
কিছু কাজ করে যেতে চাই। ২০২৭ সালে মেডিক্যাল কলেজে ভর্তি শুরু হবে। বিশ্ববিদ্যালয়-বিমানবন্দরের
কাজ শুরু হবে। বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে।
মাদকের রোষানল থেকে প্রজন্মকে রক্ষা করব।
এ সময় ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম,
বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এনডিসি, জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ বিএনপির নেতৃবৃন্দ
ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার ব্যাটালিয়নের সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের কারণে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। সোমবার সকালে প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় ৪,৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যাত্রীকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সাইদুল ইসলাম, তিনি ঢাকার দোহার উপজেলার মধুরচর এলাকার বাসিন্দা।প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাইদুল ইসলাম ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইট BS-381-এ যাত্রার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। হেভি লাগেজ গেইট–৪ দিয়ে প্রবেশের পর নির্ধারিত কাউন্টারের রো “সি”-তে চেক-ইন সম্পন্ন করেন। পরে বোর্ডিং ব্রিজ নং C2-এ প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশিতে উপস্থিত হন।প্রি-বোর্ডিং পর্যায়ে ব্যাগ স্ক্যানিংয়ের সময় দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্য সিপাহী শামীম রেজা ব্যাগটি সন্দেহজনক মনে করলে সিভিল সিকিউরিটি সদস্য হিজবুল বাহারকে র্যান্ডম তল্লাশির নির্দেশ দেন। তল্লাশিকালে ব্যাগের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট সদৃশ বস্তু পাওয়া যায়।পরবর্তীতে আনসার সদস্য শামীম রেজা এবং সিকিউরিটি সুপারভাইজার মোরশেদা বিষয়টি নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে এভসেক কর্তৃপক্ষ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-কে অবহিত করেন। খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত ট্যাবলেটগুলো গণনা করে মোট ৪,৩৬৪ পিস ইয়াবা জব্দ করেন।এরপর এয়ারলাইন্স কর্তৃপক্ষ উক্ত যাত্রীকে ফ্লাইট থেকে অফলোড করে এবং এভসেক কর্তৃপক্ষ তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন।বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত আনসার ব্যাটালিয়ন সদস্যদের তৎপরতা দেশের বিমানবন্দর নিরাপত্তাকে আরও কার্যকর ও বিশ্বাসযোগ্য করে তুলছে। তাদের সতর্কতা ও দায়িত্ববোধ মাদক পাচার প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
৯ মার্চ ২০২৬ রাত ১০:১৮:১৬
দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ আলী হোসাইন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (লিগ্যাল) হিসেবে নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আলী হোসাইন।তাকে মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।একইসঙ্গে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
৯ মার্চ ২০২৬ রাত ০৯:৩১:১১
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্ত
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে দ্রুত ঢাকায় ফিরে আসার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।শনিবার (৭ মার্চ) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এ তথ্য জানান।কমনওয়েলথভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তিনি সেদিন লন্ডনে পৌঁছান। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বলেন, লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রমে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ এবং রাষ্ট্রীয় স্বার্থ যথাযথভাবে রক্ষা না করার বিষয়ে নানা অভিযোগের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জানা গেছে, গত মাসে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কোনো বাংলাদেশি কূটনীতিককে বিদেশি মিশন থেকে প্রত্যাহার করা হলো।আবিদা ইসলাম গত বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে সময় তিনি বহুল আলোচিত হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হন। তবে তার নিয়োগের পর থেকেই বিএনপি ও জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক মহলে এ বিষয়ে আপত্তির বিষয়টি আলোচনায় ছিল।পেশাগত জীবনে আবিদা ইসলাম একজন জ্যেষ্ঠ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এছাড়া ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।কূটনৈতিক অঙ্গনে এমন সিদ্ধান্তকে অনেকেই প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখছেন। পর্যবেক্ষকদের মতে, গুরুত্বপূর্ণ বিদেশি মিশনগুলোর কার্যক্রমকে আরও কার্যকর ও পেশাদারভাবে পরিচালনার লক্ষ্যে সময় সময় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।
৯ মার্চ ২০২৬ রাত ০৯:১৯:৫৪
তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ
জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রধান তেলের ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (৯ মার্চ) এক বার্তায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, জ্বালানি তেল বিপণনে উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন ডিপো হতে কোনো কোনো ক্ষেত্রে ডিলারদের আকস্মিক বর্ধিত চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না বলে জানা যায়। ফলে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় প্রধান স্থাপনাসহ প্রধান প্রধান ডিপোগুলোতে অর্থাৎ খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং বরিশাল ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জ্বালানি তেল বিপণন কোম্পানি সূত্রে জানা যায়।দেশের জ্বালানি তেলের ডিপোগুলো কেপিআইভুক্ত স্থাপনা হওয়ায় জরুরিভিত্তিতে এর নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে বিপণন কোম্পানিগুলোর উল্লিখিত স্থাপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েন প্রয়োজন।এমতাবস্থায়, উদ্ভূত পরিস্থিতিতে বিপণন কোম্পানিগুলোর চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গার প্রধান স্থাপনা, খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং বরিশাল ডিপোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েনের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
৯ মার্চ ২০২৬ রাত ০৭:৪৮:৫১
কর্মক্ষেত্র ও জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: এডিসি তানিয়া সুলতানা
কর্মক্ষেত্র এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া সুলতানা।সোমবার (৯ মার্চ) বিকেল ৩টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, সমাজে বিদ্যমান পুরুষতান্ত্রিক মানসিকতা ও বিভিন্ন সামাজিক কুসংস্কার দূর করতে হবে। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ এবং পরিবার—সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি ও দি ফিন্যানসিয়াল এক্সপ্রেসের স্পেশাল করেসপন্ডেন্ট দৌলত আক্তার মালা, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রুবাইয়াৎ ফেরদৌস, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক ডা. নায়লা পারভিন এবং সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী।বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস কেবল আনুষ্ঠানিক উদযাপনের বিষয় নয়; এটি নারীর মর্যাদা, সমঅধিকার এবং ক্ষমতায়নের বৈশ্বিক অঙ্গীকার। সামাজিক কুসংস্কার ও ‘স্টিগমা’র কারণে অনেক নারী প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই নারীর অধিকার কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবে প্রয়োগ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি।তারা আরও বলেন, এমন একটি সমাজ গড়ে তোলার স্বপ্ন আমাদের দেখতে হবে যেখানে প্রতিটি নারী ভয়হীনভাবে তার প্রতিভা বিকাশ করতে পারবে এবং প্রতিটি কন্যাশিশু বৈষম্যমুক্ত পরিবেশে বেড়ে উঠবে। নারীর অধিকার সুরক্ষা ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নকে গুরুত্ব দিয়েই এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কাউন্সিলর সুমাইয়া তিথির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ম্যানেজার লায়লা ইয়াসমিন। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেস ম্যানেজার রোজিনা আক্তার।
৯ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪৯:০১
হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে ‘মব’ হিসেবে দেখার প্রবণতা নিয়ে সতর্ক করে তিনি বলেছেন, সব ঘটনাকে মব বলা ঠিক নয়, অনেক ক্ষেত্রে সেগুলো বিচ্ছিন্ন অপরাধ।সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তালিকা প্রকাশ করলে অনেক সময় তা রাজনৈতিকভাবে প্রভাবিত হয় বা বিভিন্নভাবে বিকৃত হওয়ার ঝুঁকি থাকে। তাই আমরা পেশাদারভাবে এই তালিকা তৈরি করব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এছাড়াও কক্সবাজার সমুদ্রসৈকতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, কক্সবাজার আমাদের দেশের গর্ব। এটিকে জাতীয় ও আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্যে পরিণত করতে হবে। সৈকতে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো জেলা প্রশাসনের নেতৃত্বে এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলা হবে।দেশজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ বা কোনো অপরাধীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
৯ মার্চ ২০২৬ বিকাল ০৫:২১:২২
সারাদেশে ৩৭৫৬৭ জন নারী পাবেন ‘ফ্যামিলি কার্ড'
পাইলটিং পর্যায়ে সারা দেশে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।সোমবার দুপুরে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।মন্ত্রী বলেন, সমগ্র প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে প্রক্সি মিনস টেস্ট বা দারিদ্র্য সূচক মানের ভিত্তিতে সম্পন্ন করায় উপকারভোগী নির্বাচনে কোনোরূপ দুর্নীতি, স্বজনপ্রীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের অবকাশ নেই।তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় অর্জনের বিষয়টি সরকারের অন্যতম অঙ্গীকার। এরই অংশ হিসেবে পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।আগামীকাল (১০ মার্চ) সকাল ১০টায় বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠ (কড়াইল বস্তিসংলগ্ন) এলাকায় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করবেন।মন্ত্রী আরো বলেন, পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৩ সিটি কর্পোরেশন/ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।সমাজকল্যাণমন্ত্রী বলেন, পাইলটিং পর্যায়ে সারা দেশে মোট ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পাইলটিং পর্যায়ে সংগৃহীত তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি পরিবারের প্রক্সি মিনস টেস্ট বা দারিদ্র সূচক মান নির্ণয়ের মাধ্যমে পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীতে বিভক্ত করা হয়েছে।হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত ৫১ হাজার ৮০৫টি খানার (Household) তথ্য যাচাইয়ে ৪৭ হাজার ৭৭৭টি খানার তথ্য সঠিক পাওয়া যায়। প্রাপ্ত তথ্য থেকে ডাবল ডিপিং (একই ব্যক্তির একাধিক ভাতা গ্রহণ), সরকারি চাকরি, পেনশন ইত্যাদি কারণে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে।
৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩২:২৮
জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি
গণমাধ্যমের সঙ্গে সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘গণঅভ্যুত্থান বা জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়; এটি জনগণের সম্মিলিত আন্দোলন ও অধিকার। আমরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। এ ব্যাপারে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।’সোমবার (৯ মার্চ) রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে (ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভবনের নিচতলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ ও অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন।
৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৯:৩৫
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করেছেন। ব্যাক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।সাবেক চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেয়ার পর এই প্রথম কোন প্রসিকিউটর পদত্যাগ করলেন।এদিকে আজ সোমবার আরও দুইজন নতুন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে।তারা হলেন মাজিনা রায়হান ( মদিনা) এবং মোহাম্মদ জহিরুল আমিন। আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এসব নিয়োগ নিশ্চিত করা হয়।
৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:১২:৫৯
বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা
মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের ৪টি রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।রুটগুলো হচ্ছে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।বোসরা ইসলাম জানান, যাত্রীদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল, তার মধ্যে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। অন্যদিকে, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে।তিনি আরও বলেন, পরে পরিস্থিতির উন্নতি এবং সেখানকার এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে ফ্লাইট দুটি পুনরায় চালু করা হতে পারে।মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। বিমানের ফ্লাইট সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে বিমান কলসেন্টার : ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে বলেছে বিমান।
৯ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৯:৩৫
রাজনৈতিক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে কমিটি
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে নতুন কমিটি গঠন করেছে সরকার। মামলাসমূহ প্রত্যাহার কার্যক্রম গ্রহণ-সংক্রান্ত কেন্দ্রীয় এ কমিটির সদস্য মোট ছয়জন।৯ মার্চ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।এতে আরও বলা হয়, সরকার ‘বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার কার্যক্রম গ্রহণ-সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি’ গঠন করেছে।কমিটির আহ্বায়ক হবেন মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সদস্যসচিব হিসেবে কাজ করবেন।
৯ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩২:২৯
মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট
রাজধানীর মিরপুর-২ এ স্টেডিয়ামের বিপরীত পাশে এল এ প্লাজা নামে একটি ১১ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে।ফায়ার সার্ভিস এক খুদে বার্তায় জানায়, দুপুর ১টা ৫২ মিনিটে খবর পেয়ে ১টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।আগুন নিয়ন্ত্রণে আনতে ৪টি ইউনিট কাজ করছে। এ সময় মোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৩ জন পুরুষ, ১০ জন নারী। ১ জন নারীকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে, বাকি সবাই সুস্থ।
৯ মার্চ ২০২৬ বিকাল ০৩:০০:৫১
ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব পেলেন অতিরিক্ত সচিব মনিরুজ্জামান
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দিয়েছে সরকার।এই কর্মকর্তাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দিয়ে আজ সোমবার অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। মনিরুজ্জামান স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে আছেন। ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে থাকার সময় প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তিনি দায়িত্ব ভাতা পাবেন।এর আগে ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম ব্যাপারী গত রোববার পদত্যাগ করেছেন।