নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৬:৪৩
মেটলাইফ ফাউন্ডেশন ও ডিসিএফ দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য প্রকাশ করল বাংলা ব্রেইল বই
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসারে মেটলাইফ ফাউন্ডেশন, ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ)-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য দুটি বাংলা ব্রেইল বই প্রকাশ করেছে।
২০০৫ সালে প্রতিষ্ঠিত ডিসিএফ শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কাজ করে আসছে। পড়ার উপকরণ আরও সহজলভ্য করতে প্রতিষ্ঠানটি একটি ব্রেইল প্রিন্টিং প্রেসও পরিচালনা করে।
দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য ব্রেইল বইয়ের সহজলভ্যতা তাদের স্বাধীনভাবে পড়া, শেখা এবং সাহিত্য অন্বেষণের আরও সুযোগ তৈরি করতে পারে। সহজে ব্যবহারযোগ্য পাঠ্যসামগ্রীর পরিধি বাড়লে তা সাক্ষরতা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশের বরেণ্য লেখকদের সৃষ্টিসহ বাংলাদেশের সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যের সঙ্গে আরও বেশি শিশুকে পরিচিত হওয়ার সুযোগ করে দিতে পারে।
প্রকাশিত বই দুটি হলো ‘নির্বাচিত রূপকথা’ এবং ‘কাজী নজরুল ইসলামের কবিতা’। বইগুলো বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরি, স্কুল ও প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। এর ফলে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা মানসম্মত পাঠ্যসামগ্রী পড়ার পাশাপাশি দেশের খ্যাতিমান সাহিত্যিকদের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম উপভোগ করার সুযোগ পাবে।
এই অংশীদারিত্বের আওতায় মেটলাইফ ফাউন্ডেশন দৃষ্টি প্রতিবন্ধী তরুণদের জন্য একটি দক্ষতা উন্নয়ন কর্মসূচিতেও সহায়তা করছে। এর লক্ষ্য হলো তাদের এমন প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা, যা ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভূমিকা রাখতে পারে।
ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাসরিন জাহান বলেন, “প্রতিটি শিশুরই পড়া ও শেখার আনন্দ উপভোগ করার সুযোগ থাকা উচিত। মেটলাইফ ফাউন্ডেশনের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা ব্রেইল বইয়ের সহজলভ্যতা বাড়াচ্ছি এবং দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের বাংলাদেশের সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যের সঙ্গে আরও স্বাধীনভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করছি।”
এ উদ্যোগ সম্পর্কে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ সবার জন্য সহজলভ্য হওয়া উচিত। ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের সঙ্গে মেটলাইফ ফাউন্ডেশনের এই অংশীদারিত্ব দৃষ্টি প্রতিবন্ধী শিশু ও তরুণদের পাঠ্যসামগ্রী ব্যবহারের সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং আরও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের স্বপ্ন ও লক্ষ্য অনুসরণে সহায়তা করবে।”