নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:৫৭:১৭
হাসিনাকে হাতকড়া পরিয়ে বরণ করা হবে : বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘শুনছি শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি দেশে ফিরবেন, তাকে হাতকড়া পরিয়ে বরণ করা হবে।’
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুন ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাস করা অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
বিমানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই সারা দেশে মানবিক নেতা হিসেবে সমাদৃত হয়েছেন। তবে সার দেশের যে চলমান অবস্থা তা ঠিক করতে কিছুটা সময় দিতে হবে। কারণ আমরা যে রাষ্ট্র পেয়েছি তার অবস্থা খুবই ভঙ্গুর, অর্থনৈতক অবস্থা অত্যন্ত খারাপ। যার কারণে প্রতিটি সেক্টর এমনকি গ্যাস, বিদ্যুতের সংকট রয়েছে। মূলত জ্বলানির উন্নয়নে বিগত ফ্যাসিস্ট সরকার ও অন্তবর্তী সরকার কোনো কাজ করেনি। বরং লুটপাটের জন্য বিভিন্ন প্ল্যান করেছে। যেগুলো চলুক বা না চলুক বসিয়ে বসিয়ে টাকা দেওয়া হয়েছে। এভাবে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশের এ অবস্থা করেছে। এ অবস্থা থেকে উত্তরণে কিছুটা সময় দিতে হবে। কিন্তু একটি দল এই সুযোগে যারা নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসার জন্য প্রত্যেকটা ক্ষেত্র তৈরি করেছিল তাদের আশা ভঙ্গ হয়েছে। কারণ জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে।
আমরা বিএনপি পরিবার আজ দুপুরে উপজেলার রতনপুন ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাস করা অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানমন্ত্রী।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরার জন্য লুটপাট করে এ দেশের সব কিছু নিয়ে গেছে। কিন্তু এখন লুটপাটের টাকা খেতে পারছে না৷ এখন নাকি আবার দেশে আসবে, এলে ফাঁসি হবে। মাঝেমধ্যে শুনি উঁকি দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি তিনি দেশে আসবেন। আমরা বলি ৩১ ডিসেম্বর কেন, যখনই আসবে তখনই আইনের মাধ্যমে রিসিভ করব। হাতকড়া পরিয়ে রিসিভ করে বাংলাদেশের মানুষের ওপর যে মানবতাবিরোধী আচরণ করেছে তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। আমরা অনুরোধ করছি পাশের দেশকে, অতিসত্বর শেখ হাসিনাসহ তার দোসররা যারা পালিয়ে গেছে, তাদের আমাদের কাছে ফেরত দেওয়া হোক।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষের যে অধিকার ক্ষুণ্ণ করা হয়েছিল- তার বিচার করার জন্য, আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে জনগণের অধিকার, জনগণের টাকা লুট—এগুলোর সমাধান করতে চাই।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, আমরা বিএনপি পরিবারের নেতারা উপস্থিত ছিলেন।