মার্কিন-ইসরায়েল ও ইরান সংঘাত
মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার থেকে
প্রকাশ : ৯ মার্চ ২০২৬ সকাল ১১:৪৪:০৬
ঢাকায় পৌঁছেছে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ; স্বজনদের আহাজারি
দুবাইয়ে নিহত বাংলাদেশি প্রবাসী আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। ৯ মার্চ সোমবার সকালে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পৌঁছানোয় কিছুটা স্বস্তি পেলেও শোকাহত পরিবারের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতে সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৪৮) নামে নিহত সালেখ আহমদের মৌলভীবাজারের বড়লেখা শহরের গাজিটেকা গ্রামের ছবর আলীর ছেলে। দীর্ঘ দিন ধরে আমিরাতের আজমানে কর্মরত ছিলেন।
মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য ও স্বজনরা। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ নিজ গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত আহমেদ আলীর এক স্বজন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে মরদেহ দেশে আনার অপেক্ষায় ছিলাম। অবশেষে তাকে দেশে আনতে পেরেছি। কিন্তু যেভাবে তাকে হারাতে হয়েছে, সেই কষ্ট কখনও ভোলার নয়।”
পরিবারের আরেক সদস্য বলেন, “আহমেদ আলী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। বিদেশে কঠোর পরিশ্রম করে পরিবারের ভরণপোষণ চালাতেন। তার এমন মর্মান্তিক মৃত্যু আমাদের জন্য বড় আঘাত।”
স্থানীয় এক প্রতিবেশী জানান, “আহমেদ আলী খুবই ভদ্র ও পরিশ্রমী মানুষ ছিলেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছানোর পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে ইতোমধ্যে এলাকাবাসী ও স্বজনরা বাড়িতে ভিড় করছেন।