নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ বিকাল ০৪:২৯:০৮
রাজধানীতে সংবাদ সংগ্রহকালে গ্রীন টিভির ৩ সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুর, আটক ১
রাজধানীর উত্তরায় পেশাগত দায়িত্ব পালনকালে গ্রীন টিভির তিন সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আজমপুর বটতলা রেলগেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
সাংবাদিকদের অভিযোগ, একটি অবৈধ নির্মাণসংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে কাজী আরিফ হাসান ও আজমীর হোসেন অমিতসহ কয়েকজন তাদের ওপর চড়াও হন। এ সময় সংবাদকর্মীদের মারধর করা হয় এবং তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। একপর্যায়ে তাদের ক্যামেরা ভাঙচুরও করা হয়। হামলায় গ্রীন টিভির সাংবাদিক মো. সজীব প্রান্ত ও আশিক ইলাহিসহ তিন সাংবাদিক আহত হন।
খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাংবাদিকদের উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে অতীতে স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন অপরাধে পুলিশ ও পিবিআইয়ে মামলা থাকার অভিযোগ তুলেছেন স্থানীয় সাংবাদিকরা, যা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম জানিয়েছেন, উভয় পক্ষের বক্তব্য শোনা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সংগ্রহে বাধা প্রদান এবং সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা।