নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬ সকাল ১১:১০:৪৭
মার্কিন সেনাপ্রধান র্যান্ডি জর্জ বরখাস্ত
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধান র্যান্ডি জর্জকে বরখাস্ত করা হয়েছে। করেছে। ইরান যুদ্ধের মধ্যেই স্থানীয় সময় ২ এপ্রিল বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সেনাপ্রধান র্যান্ডিকে বরখাস্ত করেন।
যুক্তরাষ্ট্রের তিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক প্রতিবেদনে সংবাদ সংস্থাটি জানিয়েছে, পেন্টাগনের শীর্ষ পদে সাম্প্রতিক রদবদলের সর্বশেষ ঘটনা র্যান্ডির বরখাস্ত হওয়া।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ প্রতিরক্ষা বিভাগ পুনর্গঠনে নেমেছেন। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো জেনারেলের বহিষ্কারের ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রায় নজিরবিহীন।
পেন্টাগন অবশ্য জর্জের এই বিদায়কে অবসর বলছে। এক বিবৃতিতে বলেছে, মেয়াদ শেষ হওয়ার এক বছরেরও বেশি আগে জর্জ ৪১তম সেনাপ্রধানের পদ থেকে তাৎক্ষণিকভাবে অবসর নিচ্ছেন। তবে জর্জকে সরানোর কোনো কারণ জানায়নি পেন্টাগন। তাঁকে এমন সময় সরানো হলো—যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার সামরিক শক্তি বাড়াচ্ছে এবং ইরানের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
এদিকে, নাম প্রকাশ না করে দুই প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, জর্জের সঙ্গে আর্মির ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হডনে এবং আর্মি চ্যাপ্লেইন কোরের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
যুদ্ধের মাঝে পদচ্যুতি
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হামলার নেতৃত্ব দিচ্ছে দেশটির নৌ ও বিমানবাহিনী। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনায় সেখানে সেনাসদস্যরাও মোতায়েন আছেন। দেশটির সামরিক শাখার মধ্যে সেনাবাহিনীই সবচেয়ে বড়। বাহিনীটিতে সাড়ে চার লাখ সক্রিয় সেনা রয়েছে।
এদিকে, এলিট ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজার হাজার সেনাও মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছে। অনেক বিশ্লেষক একে ইরানে সম্ভাব্য স্থল অভিযানের ইঙ্গিত মনে করছেন।
পেন্টাগনে ধারাবাহিক অস্থিরতা
হেগসেথ ও জর্জের মধ্যে প্রকাশ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। এর আগে, সেনাবাহিনীর শীর্ষ আইনজীবীকেও বরখাস্ত করেন হেগসেথ।
এক কর্মকর্তা জানিয়েছেন, হেগসেথের সাবেক সামরিক সহকারী ও সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার ল্যানেভ ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে জর্জের দায়িত্ব নেবেন।
অন্যদিকে, জর্জের বহিষ্কারের মধ্য দিয়ে পেন্টাগনে নেতৃত্বের সর্বস্তরে অস্থিরতা আরও বেড়েছে। গত বছর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান এয়ার ফোর্স জেনারেল সি কিউ ব্রাউন, নৌবাহিনীর প্রধান এবং বিমানবাহিনীর ভাইস চিফ অব স্টাফকেও বরখাস্ত করা হয়েছিল।
প্রসঙ্গত, ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করা পদাতিক কর্মকর্তা জর্জ ২০২৩ সালে সেনাপ্রধান হন। সাধারণত এই পদের মেয়াদ চার বছর হয়।