নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬ রাত ০৭:৩০:৫১
সহিংসতামুক্ত পৃথিবী গড়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে বিশ্ববাসীকে মহাত্মা গান্ধীর জীবন ও জীবনাদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।
আগামীকাল ২ অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস উদযাপন উপলক্ষে দেওয়া এক বার্তায় মহাসচিব মহাত্মা গান্ধীর অসাধারণ জীবন ও শান্তির নীতিকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, অন্যায়ের জবাব কখনো সহিংসতা বা নিষ্ঠুরতার মাধ্যমে দেওয়া যায় না, বরং সংলাপ ও অহিংসার পথ অবলম্বন করেই একটি সম্মানজনক ও টেকসই পরিবর্তন আনা সম্ভব।
বিশ্বব্যাপী ক্রমবর্ধমান বিভাজন, উত্তেজনা ও সংঘাতের এই সময়ে গান্ধীর শিক্ষা নতুন করে জরুরি হয়ে পড়েছে বলে জাতিসংঘ প্রধান মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে বৈষম্য ও দারিদ্র্য মানুষের মধ্যে ব্যবধান বাড়াচ্ছে। একই সাথে শান্তি ও উন্নয়নের মূল ভিত্তি যেমন— জাতিসংঘের সনদ, মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং কূটনীতির পথকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।
সংকটময় এই সময়ে সহিংসতা ও বিভাজন দূর করতে সাহসিকতা, সহানুভূতি এবং মানবিক মূল্যবোধ জোরদার করার আহ্বান জানান মহাসচিব। তিনি বলেন, একমাত্র সংলাপ, কূটনীতি ও অহিংস পথের মাধ্যমেই বর্তমান পৃথিবীর দুর্ভোগ অবসান ঘটিয়ে একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।