নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:০৭:৩৬
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রংপুর বিভাগে মারা গেছেন আরও একজন। একই সময়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে, ২৫২ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন, বরিশাল বিভাগে ২১১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭, চট্টগ্রাম বিভাগে ১৯২, ঢাকা বিভাগে ১৯০, রাজশাহী বিভাগে ১০২, ময়মনসিংহ বিভাগে ৬৪, রংপুর বিভাগে ৩৫ এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে দেশে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়। আগস্টে মারা যান ৪৩ জন। আর সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনেই ডেঙ্গুতে ৭৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৭৬ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে মারা গেছেন ৮৪ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৩২, ময়মনসিংহ বিভাগে ১৮, চট্টগ্রাম বিভাগে ১৬, বরিশাল বিভাগে ১৩, রাজশাহী বিভাগে ৮, রংপুর বিভাগে ৪ এবং সিলেট বিভাগে একজন মারা গেছেন।