নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ বিকাল ০৫:২৯:০৮
আইইউবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে ভবিষ্যৎ ফ্রিল্যান্সারদের অনুপ্রাণিত করছে বিজমেকার
ফ্রিল্যান্সার-চালিত বিজনেস সল্যুশন প্ল্যাটফর্ম বিজমেকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) সফলভাবে দুইদিনব্যাপী ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রাম আয়োজন করেছে। আইইউবি প্রোগ্রামিং ক্লাবের (আইইউবিপিসি) সহযোগিতায় গত ২৬-২৭ জুলাই এ প্রোগ্রাম আয়োজিত হয়।
তরুণদের দক্ষতা চিহ্নিত করা, তা বিকশিত করা ও প্রয়োগের মাধ্যমে বাস্তব সুযোগ তৈরিতে সহায়তা করার লক্ষ্যে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বিজমেকার একটি অনন্য মডেলের ওপর প্রতিষ্ঠিত; যেখানে সবাই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন এবং শেখা ও কর্মসংস্থানের মধ্যকার ব্যবধান কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান, বাজারোপযোগী দক্ষতা এবং নিজেদের আবেগ ও আগ্রহকে অর্থবহ, টেকসই ক্যারিয়ারে রূপান্তরিত করার উপায় সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে চায় প্ল্যাটফর্মটি।
আয়োজনের দুইদিনই সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত অ্যাক্টিভেশন বুথ উন্মুক্ত ছিল। এতে শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও তরুণ উদ্যোক্তারা অংশ নেন। এসময় দর্শনার্থীদের দলের সদস্যদের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি, বিজমেকার প্ল্যাটফর্ম, ফ্রিল্যান্সিং ও স্মার্ট হায়ারিং সম্পর্কে জানার সুযোগ দেওয়া হয়। প্রোগ্রামটি বাস্তব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতাকে আয়ে রূপান্তরিত করার ব্যবহারিক সুযোগ তৈরি এবং একইসাথে, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে একটি প্ল্যাটফর্মে যুক্ত করতে কাজ করে যাচ্ছে।
এছাড়াও, ২৭ জুলাই ডিএমকে লেকচার গ্যালারিতে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘স্কিলস টু সাকসেস’ শীর্ষক একটি সেশনের আয়োজন করে বিজমেকার। সেশনে চারজন দক্ষ ও বিশেষজ্ঞ বক্তা বক্তব্য দেন।
এ সময়, বিজমেকারের প্রতিষ্ঠাতা ও সিইও এএসএম রাফিউল হক প্ল্যাটফর্ম গড়ে তোলার পেছনের দৃষ্টিভঙ্গি ও এর সাথে সম্পর্কিত বৃহত্তর পরিবর্তনের বিষয়টি তুলে ধরেন। বিজমেকারের সহ-প্রতিষ্ঠাতা ও সিএমও দিলারা জাহান বৃষ্টি ডিজিটাল দক্ষতা, ধারাবাহিকতা ও ক্রমাগত শেখার মাধ্যমে টেকসই ক্যারিয়ার গড়ার বিষয়ে আলোচনা করেন।
সার্টিফাইড ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার, এআই এসইও স্পেশালিস্ট ও আপওয়ার্কের শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সার ইব্রাহিম নিলয় বৈশ্বিক প্ল্যাটফর্মে প্রতিযোগিতা করে সাফল্য অর্জনের নিজস্ব অভিজ্ঞতা থেকে ব্যবহারিক দিকনির্দেশনা শেয়ার করেন। সিনেমাটিক স্টোরিটেলিং ও কমার্শিয়াল কনটেন্ট বিশেষজ্ঞ, ভিডিও এডিটর ও ক্রিয়েটিভ কনসালট্যান্ট সাইফ শাওন ক্রিয়েটিভ ফ্রিল্যান্স অর্থনীতিতে নিজের বিশেষ অবস্থান তৈরির বিষয়ে আলোচনা করেন।
বিজমেকারের চলমান প্রচেষ্টার সর্বশেষ অধ্যায় এই আইইউবি অ্যাক্টিভেশন। এর আগে প্ল্যাটফর্মটি ব্র্যাক ইউনিভার্সিটিতে ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল, গুলশান ক্লাবে ফ্লো ফেস্ট এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাস্ট ক্যাপের আয়োজন করে, যেখানে দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যতের কর্মজগতে আগ্রহী শিক্ষার্থী, তরুণ পেশাদার ও উদ্যোক্তাদের সাথে ব্যাপক সম্পৃক্ততা তৈরি হয়।
এ বিষয়ে বিজমেকারের প্রতিষ্ঠাতা ও সিইও এএসএম রাফিউল হক বলেন, “তরুণরা বছরের পর বছর ধরে শিখছে, কিন্তু তাদের অনেকেই সেই জ্ঞান প্রয়োগের সুযোগ খুঁজে পাচ্ছে না। আমাদের ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামগুলো শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিংকে কেবল বাড়তি আয়ের কোনো উৎস হিসেবে দেখতে উৎসাহিত করছে না; বরং, দেশের মেধাবী তরুণদের এটা বোঝাতে চাইছে যে, তাদের দক্ষতার বাস্তব বাজারমূল্য রয়েছে এবং ডিজিটাল অর্থনীতিতে পূর্ণাঙ্গ ও টেকসই ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব। এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা তরুণদের একাডেমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে ব্যবহারিক দক্ষতা অর্জনে অনুপ্রাণিত করতে চাই, যা তাদের জন্য বাস্তব অর্থনৈতিক সুযোগ তৈরি করবে।”